প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই সনদ করব—এটাই আমাদের লক্ষ্য। একটি চমৎকার "জুলাই সনদ" করা সম্ভব। এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। সোমবার (২ জুন) বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এ আলোচনা হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টিসহ ৩০টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুরুতেই তিনি স্বাগত বক্তব্য দেন। ড. ইউনূস বলেন, ‘আমি প্রতিদিন যত মিটিং করি, তার মধ্যে সবচেয়ে আনন্দ পাই যখন সবাই মিলে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সুযোগ হয়। এটা আমাকে শিহরিত করে যে, এমন একটি কাজে আমি যুক্ত হতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘সংস্কারের জন্য আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল। শুরুতে বুঝে উঠতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। পরে সিদ্ধান্ত হয়, আমরা কয়েকটি কমিশন গঠন করব। তারা ভেতরে বসে প্রকৃত রূপরেখা তৈরি করবে। কমিশনগুলোকে ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, এবং আমরা আনন্দিত যে তারা অধিকাংশই সে সময়সীমার মধ্যে কাজ শেষ করতে পেরেছে। কিছু কমিশন একটু বেশি সময় নিয়েছে, কিন্তু তাতেও কোনো সমস্যা হয়নি।’
‘কমিশনগুলোর সুপারিশ পাওয়ার পর আমরা বুঝলাম, জাতীয় ঐকমত্যের জন্য আলাদা একটি কমিশনের প্রয়োজন। সেই ভাবনা থেকেই গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যা ইতোমধ্যেই ফলপ্রসূ প্রক্রিয়ায় রূপ নিয়েছে,’ বলেন প্রধান উপদেষ্টা।
আলোচনার দ্বিতীয় পর্ব প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘অনেক বিষয়ে দলগুলোর অবস্থান এখন খুব কাছাকাছি। আরেকটু এগোলেই আমরা একটি ঐকমত্যের সুপারিশে পৌঁছাতে পারব। চাই, জুলাই সনদে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করতে পারি, যাতে সেটি একটি জাতীয় দলিল হিসেবে মর্যাদা পায় এবং জাতি হিসেবে আমরা গর্ব করতে পারি।’
ঐকমত্য কমিশন জানায়, পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি পাঁচটি কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ ছক আকারে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে মতামত নেওয়া হয়। এরপর গত ২০ মার্চ শুরু হয় প্রথম পর্বের আলোচনা, যা শেষ হয় ১৯ মে। ওই ধাপে ৩৩টি দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন।
পরে ২৬ মে এক সংবাদ সম্মেলনে প্রথম পর্বের অগ্রগতি তুলে ধরে ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, প্রথম ধাপে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে ও যেগুলো এখনো হয়নি, সেগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে এখনো ক্ষমতার ভারসাম্যসহ কয়েকটি মৌলিক সাংবিধানিক বিষয়ের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো যায়নি। এর মধ্যে রয়েছে:
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ ও মেয়াদ
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন
একই ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন
একজন সংসদ সদস্যের পদসংখ্যা
রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি
সংবিধান সংশোধনের পদ্ধতি
তবে এসব বিষয়ে অনেক দল আরও আলোচনা চায় এবং নমনীয় মনোভাবও দেখিয়েছে বলে জানিয়েছে কমিশন।